অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের একাডেমিক বোর্ডে পোস্টগ্র্যাজুয়েট গবেষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি গবেষক মো. রবিউল আলম। তাঁর এই কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি গবেষকদের সুদৃঢ় অবস্থান ও সুসংহত নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষা, গবেষণা ও সার্বিক একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পরামর্শ প্রদান করা দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের উচ্চক্ষমতাসম্পন্ন এই একাডেমিক বোর্ডের অন্যতম কাজ। রবিউল আলম পোস্টগ্র্যাজুয়েট গবেষণা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একমাত্র আসনটিতে মোট ছয়জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এক বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। নতুন এই দায়িত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গবেষণা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, নানা অভিজ্ঞতা ও যৌক্তিক দাবিগুলো উচ্চপর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
গবেষক মো. রবিউল আলম বর্তমানে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব এডুকেশন'-এ পিএইচডি গবেষণার পাশাপাশি 'ক্যাজুয়াল একাডেমিক' হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র হলো ভাষানীতি, বহুভাষিকতা, ভাষা ব্যবস্থাপনা ও ভাষাগত স্থায়িত্ব। একাডেমিক কাজের পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত আয়রনসাইড স্টেট স্কুল কাউন্সিলের সদস্য ও সেক্রেটারি হিসেবে ভূমিকা রাখছেন।
আন্তর্জাতিক এই কৃতী গবেষকের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। তিনি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী দৈয়ারা গ্রামের ব্যাপারী বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তাঁর এই অর্জনকে স্থানীয় বাসিন্দারা শাহরাস্তি তথা পুরো বাংলাদেশের জন্য এক বিশাল গৌরব ও প্রাপ্তি হিসেবে দেখছেন।