
বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিভিন্ন স্থানে “বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ” স্লোগানসহ একটি উসকানিমূলক পোস্টার লাগানো হয়েছে। এতে রাজনৈতিক দলসমূহের বিরুদ্ধে সহিংস ও ঘৃণাপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, যা জনমনে উত্তেজনা ও ভীতির সঞ্চার করেছে।
পোস্টারে বাংলাদেশের অন্যতম ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নাম সরাসরি উল্লেখ করে এমন সব বক্তব্য ব্যবহার করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন স্থানীয় নেতারা।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামাল বলেন,
“এই উসকানিমূলক পোস্টারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। এটি একটি গভীর ষড়যন্ত্র। জামায়াতের সুনাম নষ্ট ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা মাত্র।”
তিনি আরো বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় বিশ্বাস করি। যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে। সচেতন মহল এই ধরনের উসকানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছে।