
চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেগ ও উত্তেজনার বশবর্তী হয়ে মাদ্রাসার অধ্যক্ষের বাড়ির সামনে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও বাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজিরকাপ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এসএসসি/দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে আবদুল্লাহ আল বাকি (১৭), আরাফাত হোসেন (১৭), মাহফুজুর রহমান জিহাদ (১৭), নুরুজ্জামান সায়মন (১৭) ও রায়হান হোসেন (১৭)—সকলেই শাহরাস্তি উপজেলার বাসিন্দা—দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কাজিরকাপ গ্রামে ভোলদীঘি মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়ির সামনে যায়।
এ সময় তারা অধ্যক্ষ ও তার বাবা-মাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি লক্ষ্য করে কয়েকটি ইট নিক্ষেপ করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে অধ্যক্ষ বাড়ির সামনে এলে ওই শিক্ষার্থীরা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সংশ্লিষ্ট পাঁচ শিক্ষার্থীর নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে শিক্ষার্থীদের থানায় নিয়ে আসতে বলা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীদের থানায় এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরীক্ষায় পাস করার পর আবেগ ও উত্তেজনার বশবর্তী হয়ে তারা এ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পরে নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তারা।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও থানায় উপস্থিত হন এবং ভবিষ্যতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের কৃতকর্মের জন্য অঙ্গীকারনামা প্রদান করে।
পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে শিক্ষার্থীদের বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সঙ্গে আলোচনা করা হলে তিনি এ ঘটনায় আর কোনো অভিযোগ নেই বলে জানান।
পরবর্তীতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সংশোধনের বিষয়টি বিবেচনা করে এবং এটি তাদের প্রথম এমন কর্মকাণ্ড হওয়ায় পাঁচ শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।