
মোঃ সাইফুদ্দীন
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শাহরাস্তি উপজেলার ওয়ালটন মোড় সংলগ্ন স্থানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শাহরাস্তি উপজেলা আহ্বায়ক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক মাহবুব আলম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম। তিনি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সদস্য সচিব আমান উল্লাহ পাটওয়ারী, শাহরাস্তি পৌরসভার আহ্বায়ক রহমত উল্লাহ, পৌর সদস্য সচিব মোঃ আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (দুখু মিয়া) এবং ইউনিয়ন যুগ্ম সদস্য সচিব ইফরান মেহেদী মুনতাসীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আলম ভূঁইয়া, সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারী এবং সাংবাদিক সাইফুদ্দীন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দলীয় কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।