
মোঃ সাইফুদ্দীন:
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ বিশেষ অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়ারুক বাজার রেলগেটের দক্ষিণ পাশে মোঃ হোসেনের স্যানিটারি দোকানের সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় পুলিশ।
এসময় মোছাঃ ফাতেমা বেগম (৪০)-এর দেহ তল্লাশিতে বুকের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো এক প্যাকেটে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর আসামী ছমুদা (৫৫)-এর ডান হাতে থাকা লাল শপিং ব্যাগে রাখা খয়েরি রঙের ‘Samrat SHOES 10’ লেখা এক জোড়া জুতার ভেতরে লুকানো দুটি প্যাকেট থেকে আরও ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। মোট ১,৬০০ পিস ইয়াবার ওজন ১৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার সময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৪, জি আর নং-১২৪) দায়ের করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার)-এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলি উল্লাহর সহায়তায় এসআই (নিঃ) মোঃ নুরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত জেলা গড়তে এবং যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।