
আক্তার হোসেন শিহাব :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. ফয়সাল ইসলাম তামিম (১১) জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ফয়সাল ইসলাম তামিম খেড়িহর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, ফয়সাল কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তবে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার হঠাৎ করেই তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা মর্মাহত এবং শিক্ষকরা একে বিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “ফয়সাল অত্যন্ত ভদ্র, মেধাবী ও দায়িত্বশীল ছাত্র ছিল। তার অকাল মৃত্যু আমাদের সবাইকে বিষণ্ন করেছে।”
বিকেলেই খেড়িহর গ্রামের স্থানীয় কবরস্থানে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক মহলের নেতৃবৃন্দ ফয়সালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।