
ইসলামী শ্রমনীতিই কেবলমাত্র শ্রমিকের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে পারে-অধ্যাপক আবুল হোসাইন
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮.০০টায় কালিয়াপাড়া বাজার থেকে শুরু হয়। শ্রমিকদের র্যালীটি মূল সড়ক প্রদক্ষিন করে দোয়াভাঙ্গায় গিয়ে শ্রমিক সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক সেক্রেটারি মোঃ শহিদুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ অধ্যাপক আবুল হোসাইন।
প্রধান অতিথি বলেন, ইসলামি শ্রম নীতি চালুর মাধ্যমে শ্রমিকের অধিকার নিশ্চিত করা সম্ভব। শ্রমিকদের প্রাপ্য ঘাম শুকানোর পূর্বেই পরিশোধ করতে হবে।মালিক শ্রমিক বৈষম্য দুর করার মাধ্যমে বাংলাদেশ কে সফলতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বিশ্বের শ্রমিক সমাজ আজও অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই আন্দোলন এখনও পুরোপুরি সফল হয়নি। প্রায়শই শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামতে দেখা যায় এবং ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অনেককে জীবনও দিতে হয়।অনেক ক্ষেত্রে মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্য দাবির পরিবর্তে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, যা শ্রমিকদের বঞ্চিত করে। আবার শ্রমিকরাও অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করে, যা দুঃখজনক। এই অবস্থার অবসান হওয়া দরকার।
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে। শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পরিশোধ করার বিষয়ে রাসূল (সা.) জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকদের মর্যাদা রক্ষায় রাসূলের (সা.) নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক-শ্রমিক উভয়ের কল্যাণ নিহিত রয়েছে।
শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারি গোলাম ফারুক ইয়াহিয়া,সহ সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল খান,মোঃজসিম উদ্দিন ১৫ নং ওয়ার্ড ব্যাংক কলোনী সভাপতি, পৌর জামায়াত সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ মনির হোসাইন, মাওলানা আমান উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক দায়িত্বশীল ও শ্রমিকবৃন্দ।