শাহরাস্তিতে রায়েরবাগ যুব সমাজের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আক্তার হোসেন শিহাব :
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রায়েরবাগ এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রায়েরবাগ যুব সমাজ। সংগঠনটির উদ্যোগে রায়েরবাগ গ্রামের ৫৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর, আলু, পেঁয়াজ, সেমাই, টেংসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। প্রতিটি পরিবারকে সম্মান ও আন্তরিকতার সঙ্গে সহায়তা প্রদান করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সমন্বয়ক মোঃ তামিম, অপু, মাহফুজ ও সুজন। এছাড়াও সমন্বয়ক শহিদুল ও তানভীরসহ সদস্য মোঃ সাইফুল, আরিফ, ইসমাইল, আবদুল্লাহ, বাপ্পি, রাহাত, মাসুমসহ অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের মসজিদ, মাদ্রাসা, অসহায়, দরিদ্র, রোগাক্রান্ত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে রমজানের মতো পবিত্র মাসে এমন উদ্যোগ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে স্থানীয় মুরুব্বি মোঃ শাহজাহান উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এমন সহায়তা দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত উপকারী ও স্বস্তিদায়ক। তিনি আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবে।