আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪২
সর্বশেষঃ

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির আতঙ্ক, স্বর্ণের চেইন চুরির সময় নারী আটক

মোঃ সাইফুদ্দীন:

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী রোগী ও স্বজনরা নিজেদের অলংকার নিয়ে হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে (ওপিডি) একটি চুরির ঘটনা ঘটে। এ সময় শিরিন আক্তার নামের এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন কহিনুর বেগম নামের এক নারী। তবে ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে চোরকে হাতেনাতে আটক করেন। পরে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

আটক ওই নারীকে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত শাহরাস্তি মডেল থানাকে অবহিত করে।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর থানায় নিয়ে যায়।

সাংবাদিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী নিজের প্রকৃত পরিচয় গোপন করে জানান, তার বাড়ি কোম্পানীগঞ্জ এলাকায় এবং তিনি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তবে থানায় নেওয়ার পর পুলিশ তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক নারীর নাম কহিনুর বেগম (স্বামী: আব্দুল মালেক)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে কচুয়া থানা ও বুড়িচং থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আকলিমা জাহান বলেন,
“আমাদের হাসপাতালে বর্তমানে কোনো নিরাপত্তা রক্ষী নেই। ফলে গত কয়েকদিন ধরে একের পর এক চুরির অভিযোগ পাচ্ছি। আমরা একাধিকবার চোর চক্রকে ধরার চেষ্টা করলেও সফল হতে পারিনি।”

তিনি আরও জানান, গত ২৫ জানুয়ারি (রবিবার) একই কৌশলে একটি চোরচক্র হাসপাতাল থেকে অন্তত তিনজনের গলা থেকে স্বর্ণের চেইন চুরি করে পালিয়ে যায়।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিরাপত্তা রক্ষী নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন