নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা: আওয়ামীলীগের টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন আটক
মোঃ সাইফুদ্দীন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার (পিতা—মৃত আব্দুল মালেক) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির বাসিন্দা। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের টেলিগ্রাম পেইজটির যৌথ এডমিন হিসেবে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল।
এ ঘটনায় আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন এবং সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার এর আগেও নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ২৩ জুন ২০২৫ তারিখে শাহরাস্তি থানাধীন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত ছিলেন। ওই ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলাটি নম্বর-১৬, তারিখ-২৪/০৬/২০২৫। আটককৃত ব্যক্তি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।