শাহরাস্তিতে পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এসব অভিযানে এসআই (নিঃ) মো. শমসেদ হোসেন, এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) মো. বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
প্রথম অভিযানে ২৩ জুলাই ২০২৬ তারিখে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী-ফেরুয়া সড়কের পালের বাড়ির সামনে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ মো. সুজন (৩৮) ও মো. মানিক পাটোয়ারী (২০)-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪১, জি আর নং-২৩৪ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিন পৃথক আরেকটি অভিযানে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী-ফেরুয়া সড়কের ভুঁইয়া বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন (২২) ও আল শারিয়ার আহম্মদ বিজয় (২৩)-কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এফআইআর নং-৪০, জি আর নং-২৩৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, ২৪ জুলাই ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারের উত্তর পাশে আদীপুর দারুস সুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. হান্নান মিয়া প্রকাশ মানিক (৩৭)-কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৪২, জি আর নং-২৩৫ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।