শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ; দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে নিজের বৃদ্ধ বাবার বসতঘরে আগুন দিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছেন তার বাবা।
শনিবার (২৬ জুলাই) শাহরাস্তি মডেল থানায় দায়ের করা একটি লিখিত অভিযোগে উপজেলার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরী বাড়ি) এলাকার বাসিন্দা মমিন (৬০) জানান, তার ছেলে মো. মনির হোসেন বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে তিনি প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করতেন। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বিকেলে অভিযুক্ত ব্যক্তি দোকানের সামনে তার স্ত্রীকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই জের ধরে ২৬ জুলাই ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি তার বাবার বসতঘরে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী জানান, আগুন লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন। ভবিষ্যতে পরিবারের সদস্যদের প্রাণনাশসহ আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
অভিযুক্তের মা বলেন, “আমার ছেলে অনেক আগের থেকেই নেশাগ্রস্ত। সে আমাকে একাধিকবার আক্রমণ করারও চেষ্টা করেছে।”
অন্যদিকে কান্নাজড়িত কণ্ঠে অভিযুক্তের স্ত্রী বলেন, “আমি এখন আমার এই দুই সন্তান নিয়ে কোথায় যাব?”
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।