লাকসামে নিখোঁজ দুই বছর বয়সী শিশু অনুর মরদেহ উদ্ধার
আক্তার হোসেন শিহাব:
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজার এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই বছর পাঁচ মাস বয়সী শিশু অনুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শিশুটির পরিবার জানায়, গতকাল (৫ মে) বিকেলে অনু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যাতে অনুর সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করা হয়।
নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ (৬ মে) সকালে বাড়ি থেকে মাত্র ১৫০-২০০ মিটার দূরে একটি ছোট পানির খাদ থেকে অনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত মরদেহটির নাক ও মুখে রক্তের দাগ ছিল, যা পরিস্থিতিকে আরও মর্মান্তিক করে তোলে।
অনুর পিতার নাম মহিন উদ্দীন মজুমদার। তাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর মুদাফফরগঞ্জ ইউনিয়নের নাগঝাটিয়া গ্রামে।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।