আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:৪০
সর্বশেষঃ

শাহরাস্তির আল-মানার ইসলামিক ইনস্টিটিউটে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

মোঃ সাইফুদ্দীন

শিক্ষার্থীদের মাঝে দেশীয় মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে অবস্থিত আল-মানার ইসলামিক ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে “মৌসুমী ফল উৎসব–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেরনাইয়া উত্তর বাজারে অবস্থিত আল-মানার ইসলামিক ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এমডি মাওলানা কামারুল হাসান মাহমুদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশীয় মৌসুমী ফল শুধু সুস্বাদুই নয়, বরং শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত মৌসুমী ফল খাওয়ার অভ্যাস শিশুদের সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের শিক্ষামূলক ও ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

উৎসবে শিক্ষার্থীরা দলভিত্তিক বিভিন্ন ধরনের দেশীয় ও মৌসুমী ফল দিয়ে নান্দনিকভাবে স্টল সাজায়। প্রতিটি স্টলে আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, কলা, তরমুজ, আনারস, পেঁপেসহ নানা ধরনের মৌসুমী ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দৈনন্দিন জীবনে ফলের গুরুত্ব সম্পর্কে সুন্দর ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।

শুধু প্রদর্শনীতেই সীমাবদ্ধ না থেকে প্রতিটি গ্রুপ প্রতীকী ফল বিক্রয় কার্যক্রমেও অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, দলগত কাজের মনোভাব, নেতৃত্বের গুণাবলি এবং বাস্তবমুখী শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে বিচারকরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, স্টলের সৌন্দর্য, ফলের সঠিক উপস্থাপন, ফল পরিবেশন, নির্ধারিত সংখ্যক ফল প্রদর্শন এবং প্রতীকী বিক্রয় কার্যক্রমের দক্ষতার ভিত্তিতে প্রতিটি গ্রুপকে মূল্যায়ন করেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী গ্রুপকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সুলতান নূরুদ্দীন বলেন, “শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে মৌসুমী ফলের গুরুত্ব অপরিসীম। বর্তমান সময়ে শিশুদের জাঙ্ক ফুডের প্রতি ঝোঁক কমিয়ে পুষ্টিকর দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ফলের পুষ্টিগুণ সম্পর্কেই জানতে পারে না, বরং সৃজনশীলতা, দলগত কাজ এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।”

দিনব্যাপী উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে মৌসুমী ফল বিতরণ করা হয়। উৎসবটি শিক্ষার্থীদের জন্য যেমন ছিল আনন্দের, তেমনি ছিল স্বাস্থ্য সচেতনতা ও বাস্তবমুখী শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories