সব ধরনের অনলাইন জুয়া নিষিদ্ধ: সাইবার নিরাপত্তা আইনে যুক্ত হলো নতুন বিধান
নিজস্ব প্রতিবেদক:
দেশে অনলাইনে পরিচালিত সব ধরনের জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এতে নতুন সাইবার নিরাপত্তা আইনের অনুমোদন দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহেই আইনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানান, “অনলাইন জুয়া নিয়ন্ত্রণে এখনো স্পষ্ট কোনো বিধান ছিল না। নতুন আইনটিতে তা সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
নতুন আইনে শুধু অনলাইন জুয়া নিষিদ্ধ নয়, আরও বেশ কিছু নতুন বিধান যোগ করা হয়েছে যা আগের আইনে ছিল না। পাশাপাশি আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। সংশোধিত আইনটি আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ ও অনলাইন নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, তরুণ সমাজকে অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর আইন সময়োপযোগী সিদ্ধান্ত। তারা আশা করছেন, নতুন আইনটি কার্যকর হলে ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।