বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর পল্টনে ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ইমরান নামে এক প্রতারকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুমিল্লার এক যুবক।

ভুক্তভোগী মেহেদী হাসান (২৩), পিতা মোস্তাফিজুর রহমান, গ্রাম নিশ্চিন্তপুর, বরুড়া, কুমিল্লা—জিডিতে উল্লেখ করেছেন, অভিযুক্ত ইমরান হোসেন (৪২), পিতা মৃত আব্দুল মালেক, গ্রাম পাচপাড়া বড়বাড়ী, লাকশাম, কুমিল্লা। বর্তমানে তিনি মেসার্স সানরাইজ এজেন্সীজ, সাব্বির টাওয়ার, পুরানা পল্টন, ঢাকায় অবস্থান করছেন।

মেহেদী হাসান অভিযোগে জানান, ২০২২ সালের ২ নভেম্বর থেকে ধাপে ধাপে মোট ১৩ লাখ ৮ হাজার ৭৫০ টাকা অভিযুক্ত ইমরান হোসেনকে প্রদান করেন। প্রতিশ্রুতি ছিল ছয় মাসের মধ্যে তাকে ইউরোপে পাঠানো হবে। কিন্তু প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও প্রতিশ্রুত কোনো কার্যক্রম বাস্তবায়ন হয়নি, এমনকি টাকা ফেরতও পাননি তিনি।

ভুক্তভোগী দাবি করেন, টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত ইমরান হোসেন নানা অজুহাতে এড়িয়ে যান এবং ভয়ভীতি ও হুমকি দেন। ধার-দেনা করে টাকা দেওয়ায় বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন।

এ ঘটনায় ৮ আগস্ট ২০২৫ তারিখে পল্টন থানায় জিডি করা হয় (জিডি নং: ৫৩৯, ট্র্যাকিং নং: LC20MZ)।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতারক ইমরানের ফাঁদে পড়ে কুমিল্লার লাকসাম বরুড়া অঞ্চলের বহু পরিবার স্বপ্ন পূরনের লক্ষ্যে ইউরোপ যাওয়ার আশায় প্রতারিত হয়ে আজ নিঃস্ব প্রায়।