শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার (০৫ এপ্রিল ২০২৬) রাতে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস, এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ এবং এএসআই (নিঃ) মোঃ এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠাকুর বাজার মসজিদ রোড এলাকায় শ্রীপুর গ্রামের আনোয়ারা নামীয় এক নারীর বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ জসিম উদ্দিন (৩৮)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম উদ্দিন শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের (সরকার বাড়ী) এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনোয়ার হোসেন এবং মাতার নাম কমলা বেগম।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩ এবং জি আর নম্বর-৭২, তারিখ ০৬ এপ্রিল ২০২৬।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।