চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান: ৭৫ পিস ইয়াবাসহ আটক ১
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস দল মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা এবং এএসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, সাথে ছিল সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযান চলাকালে শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পার্শ্বের সড়কে, বটগাছের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন ব্যক্তি মোঃ দ্বীন ইসলাম (২৪)-কে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত দ্বীন ইসলাম উপজেলার নিজ মেহের এলাকার (ভূইয়া গাজী বাড়ি), মৃত মোঃ খালেকের ছেলে এবং মনোয়ারা বেগমের সন্তান।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর- ২৮, তারিখ- ২৯ মার্চ ২০২৬; জি আর নম্বর- ৬৭। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।