শাহরাস্তিতে অটোরিকশা চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পাঞ্চাইল এলাকায় গ্যারেজের তালা ভেঙে তিনটি অটোরিকশা চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ১৪ জুন রাত থেকে ১৫ জুন ভোরের মধ্যে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাড়ির মালিক ইমাম হোসেন জানান, প্রতিদিনের মতো ওই রাতে গাড়িগুলো চালিয়ে চালকেরা স্থানীয় একটি গ্যারেজে চার্জে সংযুক্ত করে রাখেন। পরদিন সকালে গ্যারেজে গিয়ে দেখা যায়, তালা ভাঙা এবং তিনটি অটোরিকশা নেই।
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তার দাবি অনুযায়ী, চুরি হওয়া গাড়িগুলোর মোট মূল্য প্রায় দুই লাখ সাতাশ হাজার টাকা।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি জানান।
এ বিষয়ে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।