শাহরাস্তিতে আসন্ন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুদ্দীন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শাহরাস্তি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শনিবার (৩১ জানুয়ারি) আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন । সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা , বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সদস্যরা।
সভায় নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, গুজব রোধ, আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা (কুইক রেসপন্স) জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পারস্পরিক সমন্বয় ও নিয়মিত তথ্য আদান–প্রদানের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভা শেষে উপস্থিত সকল বাহিনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।