আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ৬ই বৈশাখ, ১৪৩৩ ● ১৯শে এপ্রিল, ২০২৬ ● ২রা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:৫৩
সর্বশেষঃ

শাহরাস্তিতে ইউপি সদস্য ও যুবলীগ নেতার ঘর থেকে ভিজিএফের ১৬ বস্তা চাল উদ্ধার: গ্রেফতার হুমায়ুন কবির

চাঁদপুরের শাহরাস্তিতে ভিজিএফের ১৬ বস্তা চাল নিজ ঘরে মজুদ রাখার অভিযোগে ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত মো. হুমায়ুন কবির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রোববার (১ জুন) রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফতারের নির্দেশ দেন।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে উপজেলার কৃষ্ণপুর গ্রামের দুঃস্থদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল ওই ইউপি সদস্য নিজের বসতঘরে মজুদ করে রেখেছিলেন। বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে তারা ইউএনওকে বিষয়টি অবহিত করেন। পরে রাতেই প্রশাসন অভিযান চালিয়ে চাল জব্দ করে এবং অভিযুক্তকে আটক করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ জানান, জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
ইউএনও নিগার সুলতানা বলেন, “দুঃস্থদের খাদ্য সহায়তার চাল বিতরণ না করে ঘরে মজুদ রাখা সম্পূর্ণ অনিয়ম। অভিযুক্ত ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।”

প্রসঙ্গত, ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকার হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা দিয়ে থাকে। অথচ এই চাল আত্মসাৎ করায় জনপ্রতিনিধির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories