আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৩:৪৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ মাটি কাটার বেকুর ব্যাটারি জব্দ

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত গভীর রাতে অভিযান পরিচালনা করেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার রাত ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা পশ্চিমপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। মাঠ পর্যায়ে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর শাহরাস্তি ক্যাম্পের অফিসার ইনচার্জ ও সদস্যরা এবং উপজেলা আনসার বাহিনীর সদস্যরা।

অভিযানে ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত বেকু মেশিনের একটি ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা যায়, টামটা এলাকার কিছু অংশে রাতের আঁধারে দীর্ঘদিন ধরে জমির মাটি কেটে ট্রাকে তোলা হতো। এতে কৃষিজমির উর্বরতা কমে জমির উৎপাদন ব্যাহত হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত ছিলেন স্থানীয় আব্দুল বারেকের ছেলে মাটি ব্যবসায়ী সাদ্দাম। ফসলি জমি নষ্ট হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, কৃষিজমি নষ্ট করে মাটি ব্যবসার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রম চালালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জব্দ করা ব্যাটারি প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে। এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories