শাহরাস্তিতে সাংবাদিকের ওপর চাচা-চাচাতো ভাইয়ের হামলা, কুপিয়ে জখম, স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সাংবাদিক রাফিউ হাসান হামজা ও তার স্ত্রীর উপর অদ্য সকাল সাড়ে ১১টায় হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, চাচা জাহাঙ্গীর আলম ও চাচাতো ভাই শিমুল দা দিয়ে হামলা চালিয়ে সাংবাদিকসহ তার স্ত্রীকে জখম করেন এবং নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালান।
স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার নিজমেহার (দারোগা বাড়ি) এলাকায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাফিউ হাসানের বসতবাড়ির সামনে শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ও জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন অভিযুক্তরা বাড়ির গেটের তালা ভেঙে সীমানার ভেতরে ঢুকে কাঁঠাল পাড়তে শুরু করেন। বাধা দিতে গেলে শুরু হয় হামলা।
অভিযোগে বলা হয়েছে, প্রথমে গালিগালাজ, পরে চাচা জাহাঙ্গীর আলম পেছন থেকে ধরে ফেললে শিমুল ধারালো দা দিয়ে হামলা চালায়। রাফিউ হাসান ডান হাত দিয়ে কোপ বাঁচাতে গেলে তার ডান হাতের বুড়ো আঙুল ও পেটের ডান পাশে গুরুতর জখম ও রক্তাক্ত হয়। পরে তাদের শোরচিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে ও কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
আহত স্বামী-স্ত্রী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রাফিউ হাসান বাদী হয়ে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, পারিবারিক সহিংসতা ও নিরাপত্তাহীনতায় তিনি ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আহত রাফিউ হাসান হামজা বলেন,ইতোপূর্বেও আমার চাচা জাহাঙ্গীর আলম আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচাতো ভাই শিমুল আমাকে হত্যার হুমকি দিয়েছে।এ বিষয়ে আইসিটি আইনে থানায় সাধারণ ডায়রি(জিডি) করেছি।সেটাও তদন্তনাধীন আছে। আজকে আমার উপর এই অতর্কিত হামলা হত্যার উদ্দেশ্যই করছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মাহবুবুল আলম বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
