আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:২৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্বাস্থ্য সহকারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। জাতীয় পর্যায়ে ঘোষিত ৬ দফা দাবিনামার দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক ও সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়ন করা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। কিন্তু তারা এখনো অবহেলিত। সরকারি স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা না পেয়ে তারা আজ ক্ষুব্ধ ও হতাশ।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার মাঠপর্যায়ে কাজ করে আসছি। অথচ আমাদের পেশাগত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা আজও নিশ্চিত হয়নি। ৬ দফা আমাদের ন্যায্য দাবি—এগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।”

অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ জয়নুল আবেদীন বলেন, “স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম মূল স্তম্ভ। আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করুন। আমরা আন্দোলনের মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে সমাধান চাই।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান জানান, দাবি সমূহ যথাযথ প্রক্রিয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কর্মসূচি চললেও চিকিৎসা সেবায় যাতে বিঘ্ন না ঘটে, সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সহকারীরা একই দাবিতে কর্মসূচি পালন করছেন, যা জাতীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories