শাহরাস্তিত মেহের স্টেশন এলাকায় পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, এএসআই (নিঃ) হাবিবুর রহমান ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।
সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে উপজেলার মেহের স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেহের স্টেশন সংলগ্ন মাসুদ হোটেল থেকে প্রায় ৩০ গজ দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত টয়লেটের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার নিজ হেফাজত থেকে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মোঃ জাহেদ হোসেন (২৪)। তিনি উপজেলার পশ্চিম উপলতা এলাকার সামছুল হক মেম্বার বাড়ির বাসিন্দা। তার পিতা আবুল হোসেন এবং মাতা ফাতেমা বেগম।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৯, তারিখ ১৭ মার্চ ২০২৬ এবং জি আর নং-৫৮, তারিখ ১৭ মার্চ ২০২৬।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।