সীমান্তে কাস্তে হাতে বিএসএফকে প্রতিরোধ — সাহসী কৃষক বাবুল আলীকে বিজিবির সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেআইনি কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে উত্তেজনা তৈরি হয়। এ সময় জিরো লাইনের কাছে কাস্তে হাতে অস্ত্রধারী বিএসএফ সদস্যদের প্রতিরোধ করে আলোচনায় আসেন স্থানীয় কৃষক বাবুল আলী।
তার সেই সাহসিকতা ও দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবির ৫৯ রহনপুর ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিজিবির এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। তারা জানান, জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও যে কোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।