চাঁদপুরে বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে যারা লড়বেন
আক্তার হোসেন শিহাব :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত এই তালিকায় জেলার অভিজ্ঞ ও তরুণ নেতাদের সমন্বয় রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী মাঠে প্রস্তুতি শুরু করেছেন। তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী—
চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রার্থী হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আ ন ম এহসানুল হক মিলন।
চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষা ও সমাজসেবক ড. জালাল উদ্দিন।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির প্রবীণ নেতা লায়ন হারুন আর রশিদ।
আর চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন ইসলামী চিন্তাবিদ ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
জেলা বিএনপির একাধিক নেতা জানান, ঘোষিত প্রার্থীরা এলাকাভিত্তিকভাবে জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাই এই তালিকা জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চাঁদপুরের এই পাঁচটি আসনেই আগামী নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।