শাহরাস্তিতে সাহাপুরে চুরির অপবাদে কিশোরকে নির্মম মারধর, মুমূর্ষু অবস্থায় কুমিল্লায় প্রেরণ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাহাপুরে চুরির অপবাদ দিয়ে শাহাদাত (১৭) নামে এক কিশোরকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় মো. ইমাম হোসেনের ছেলে শাহাদাতকে গত ২ ডিসেম্বর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার ছয় যুবক বিভিন্ন স্থানে নিয়ে দফায় দফায় পাইপ, লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসী জানায়, মো. সোহাগ, শাকিল, হাছান, শামীম, তুহিন ও জাহিদ—এলাকার পরিচিত যুবক। পাঁচ মাস আগের একটি চুরির ঘটনায় সন্দেহকে কেন্দ্র করে তারা সাহাপুর রেলগেট এলাকা থেকে শাহাদাতকে ধরে নিয়ে সত্তর মিয়ার বাড়ির ছাদের ওপর নিয়ে যায়। সেখানে লোহার রড, কিল-ঘুষি ও লাথি মেরে তার দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয়। মারধরের একপর্যায়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক তার স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করা হয়।
শাহাদাতের বাবা ইমাম হোসেন বলেন, “অন্যায়ভাবে কয়েক মাস আগের ঘটনার নামে মিথ্যা সন্দেহ করে এলাকার কিছু যুবক আমার রোজগার করা ছেলেটাকে মেরে ফেলার উদ্দেশ্যে নির্মমভাবে পিটিয়েছে। শাহাদাত ভ্যানে করে সবজি বিক্রি করে সংসার চালায়। তাকে এমন অবস্থায় দেখতে হবে ভাবিনি।”
তিনি জানান, আহত ছেলেকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।