শাহরাস্তিতে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ গত ২৩ মার্চ রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে ৭১ পিস এবং অন্যদের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পৃথক দুটি টিম অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) ফারুক আহাম্মদসহ একটি চৌকস টিম শাহরাস্তি পৌরসভাস্থ ছিকুটিয়া এলাকার বড় বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় কিশোর মজুমদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ হেফাজত থেকে ৭১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর মজুমদার ছিকুটিয়া (বড় বাড়ী) এলাকার জয়দেব মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কিশোর জানায় যে, সে পলাতক আসামী তাজুল ইসলাম ও সুজন সর্দারের নিকট থেকে স্বল্প মূল্যে ইয়াবা ক্রয় করে থানা এলাকার বিভিন্ন স্থানে অধিক দামে বিক্রি করতো। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর অভিযানে রাত ১২টা ৩০ মিনিটের দিকে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পশ্চিম হাজী বাড়ির মোস্তফার মুদি দোকানের সামনে থেকে বিল্লাল হোসেন অনিক (২৫), শাওন হোসেন রাসেল (১৯) ও আরাফাত রহমান (১৯) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চার আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। প্রথম অভিযানে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে, অপর তিনজনকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।