শাহরাস্তিতে পুকুরে ডুবে ৭ বছরের শিশু মিনহাজের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে নিজ বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে ডুবে মো. মিনহাজ নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. মিনহাজ কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা ও কুয়েত প্রবাসী মো. বেলায়েতের ছেলে। সে টামটা তালিমূল কোরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তান মিনহাজের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নিজ বাড়ির সামনের পুকুরে কোনোভাবে পড়ে যায় শিশু মিনহাজ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
মিনহাজ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান, তার আরও দুইটি বোন রয়েছে। কুয়েত প্রবাসী বাবা মো. বেলায়েতের একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আদরের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার মা-বাবা ও স্বজনরা গভীরভাবে ভেঙে পড়েছেন।
মিনহাজের আকস্মিক মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ি ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।