শাহরাস্তির টামটা দক্ষিন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জামায়াত মানুষের তৈরি জীবনবিধানের পরিবর্তে ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইসলামী বিধান যথাযথভাবে বাস্তবায়ন করতে চায়-অধ্যাপক মাওলানা আবুল হোসাইন
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলায় টামটা দক্ষিন শাখার আয়োজনে ২২ মার্চ বাদ আসর ইফতার মাহফিল উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর মাওলানা মন্জুর আহমেদ পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি, জামায়াত মনোনীত চাঁদপুর-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
তিনি বলেন, এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামীন আমাদের হেদায়েতের জন্য পবিত্র কালামে হাকিম পাঠিয়েছেন। আমরা পেয়েছি একটি পরিপূর্ণ, শাশ্বত ও নির্ভুল জীবন বিধান। আমরা যাতে নির্মূল জীবন বিধান অনুসরণ করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিলাভ করতে পারি, সে জন্যই আল্লাহর দেওয়া জীবন বিধান সকলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।
তিনি দ্বীনের পরিপূর্ণ বিজয়ের লক্ষ্যে সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মানুষের তৈরি জীবনবিধানের পরিবর্তে ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইসলামী বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার-ফয়সালা করে না তাদেরকে পরকালে ভয়াবহ পরিণতির ভোগ করতে হবে।
তিনি আরো বলেন,ইনসাফপূর্ণ সমাজ চালু করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে প্রয়োজন রাষ্ট্র ক্ষমতা। ক্ষমতা ছাড়া রাষ্ট্রের কোন মৌলিক বিধান পরিবর্তন করা সম্ভব নয়। জামায়াতে ইসলামী একটি গণমুখী, আদর্শবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। জনগণ জামায়াতকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে দ্বীনি আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল, উপজেলা শুরা ও টামটা দক্ষিন তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী।
এছাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ মিজানুর রহমান,বায়তুল মাল সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল, কর্মী ও সাধারন মুসল্লি উপস্থিত ছিলেন।