আকাশে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ফ্লাইটে জরুরি অবতরণের প্রস্তুতি
মো: সাইফুদ্দীন
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
ঘটনার পরপরই ফ্লাইটটিকে ইমারজেন্সি ঘোষণা করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। রানওয়ের পাশে অবস্থান করছে বিমানের ইঞ্জিনিয়ারিং টিমসহ জরুরি সেবা সংশ্লিষ্ট বাহিনী।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদে অবতরণ করানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি আকাশে রয়েছে এবং নিয়ন্ত্রিতভাবে অবতরণে সহায়তা করা হচ্ছে।