চাঁদপুরের মতলবে কলেজ ছাত্রদলের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক দুজনই ২০২২ সালে ডিগ্রি শেষ, তবুও কলেজ কমিটির নেতৃত্বে
চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি জেলা ছাত্রদলের পক্ষ থেকে ঘোষিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জিয়াউল ইসলাম সরকার তুষারকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে নিহা মনি, সায়মন মিয়া, মো. আজিম ও নাহিদা আক্তারকে।
তবে কমিটি ঘোষণার পর থেকেই উঠেছে সমালোচনার ঝড়। কারণ, আহ্বায়ক জিয়াউল ইসলাম সরকার তুষার এবং যুগ্ম আহ্বায়ক সায়মন মিয়া—দুজনই ২০২২ সালে কলেজ থেকে ডিগ্রি শেষ করেছেন। নিয়ম অনুযায়ী কলেজ ইউনিটে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কেবলমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই রাখে। প্রাক্তন শিক্ষার্থীকে শীর্ষ পদে বসানোয় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় শিক্ষার্থীদের অনেকে বলছেন, “ছাত্র না হয়েও যখন কলেজ ছাত্রদলের নেতৃত্ব দেওয়া হয়, তখন তা ছাত্র রাজনীতির মৌলিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে।” তাদের মতে, এ ধরনের সিদ্ধান্তে নতুন শিক্ষার্থীরা নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং সংগঠনের প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে।
জানা গেছে, ঘোষিত কমিটির সদস্য সচিব করা হয়েছে মো. সজীব মিয়াকে এবং সদস্য হিসেবে রাখা হয়েছে নেছার উদ্দিন ও মো. রিয়াজ হোসেনকে। জেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্র রাজনীতি টিকিয়ে রাখতে হলে নেতৃত্ব অবশ্যই নিয়মিত শিক্ষার্থীর হাতে দিতে হবে। প্রাক্তনদের হাতে নেতৃত্ব দিলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং শিক্ষার্থীদের আস্থা হারায়।”