বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শাহরাস্তিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত
চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শাহ সাহেব কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই জানাযা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাযা পরিচালনা করেন শাহ সাহেব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম মহসিন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার সুরক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।
উপজেলা ও পৌর বিএনপির নেতারা বলেন, দলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তাঁর সাহসী রাজনৈতিক ভূমিকা দীর্ঘদিন স্মরণ করবে। জানাযা শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
গায়েবানা জানাযাকে কেন্দ্র করে এলাকায় এক ধরনের শোকের আবহ বিরাজ করে। উপস্থিত নেতারা জানান, বেগম খালেদা জিয়ার স্মরণে উপজেলা বিএনপি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।