শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ১ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি এর সার্বিক সহযোগিতায় রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের সেতিনারায়ণপুর ও আয়নাতলী এলাকার বিভিন্ন ফসলি জমিতে পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে মাটি ব্যবসায়ী সোহাগের পক্ষে কাজ করা মোঃ হেলাল (২৬), পিতা—মোঃ আবুল বাসার, গ্রাম—খেড়িহর-কে আটক করা হয়।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বেকু (এক্সকাভেটর) ও দুটি ব্যাটারি জব্দ করা হয়।
এ অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর ফারহান ফারুক জিম, শাহরাস্তি থানা পুলিশ এবং উপজেলা আনসার সদস্যবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।