শাহরাস্তিতে করাতকল মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, অর্থদণ্ড ও সতর্কবার্তা
আক্তার হোসেন শিহাব :
শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে গাছের টুকরো ফেলে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং বৈধ কাগজপত্রবিহীন করাত কল পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি, চাঁদপুর মহোদয়ের নির্দেশে আজ (২১ জুন) এ অভিযান পরিচালনা করেন শ্রদ্ধেয় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার। অভিযানে একাধিক করাত কল মালিককে করাত কল নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ। অভিযানে দেখা যায়, বিভিন্ন করাত কলের আশপাশে গাছের টুকরো ও কাঠ রেখে রাস্তায় যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করাত কল মালিকদের সতর্ক করে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে রাস্তার পাশে রাখা গাছের টুকরো নির্ধারিত স্থানে সরিয়ে নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।