শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে আড়াই বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল
আক্তার হোসেন শিহাব :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীতে পড়ে আড়াই বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং এলাকাবাসী যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
রোববার (২২ জুন ২০২৫) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার দুই সন্তান খাদিজা আক্তার (৪) ও আড়াই বছরের শিশু কাউসার নদীর পাড়ে বালু উত্তোলন দেখতে আসে। একপর্যায়ে হঠাৎ করে ছোট্ট কাউসার নদীতে পড়ে যায়।
ঘটনার পরপরই খাদিজা দৌঁড়ে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন ছুটে এসে নদীতে নেমে শিশুটিকে খোঁজার চেষ্টা চালায়। দীর্ঘ সময় চেষ্টার পরও তাকে খুঁজে না পেয়ে চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। আমরা সবাই চেষ্টা করছি শিশুটিকে উদ্ধারের জন্য।”
এলাকাবাসী নূর হোসেন রাজু জানান, “শত শত মানুষ নদীতে নেমে শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করেন। জাল ফেলা হলেও নদীতে প্রবল স্রোতের কারণে শিশুটিকে পাওয়া যায়নি।”
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার বলেন, “শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। যতক্ষণ না শিশুটিকে উদ্ধার করা হচ্ছে, অভিযান অব্যাহত থাকবে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে।