শাহরাস্তিতে মানুষের দোরগোড়ায় ভূমিসেবা রাগৈ ইউনিয়নে ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্প ও গণশুনানি

চাঁদপুরের শাহরাস্তিতে প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে রাগৈ ইউনিয়ন ভূমি অফিসে ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাগৈ ইউনিয়ন ভূমি অফিসে এ ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভূমিসেবা প্রত্যাশীরা অংশগ্রহণ করে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এর কাছে তুলে ধরেন। তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন বিষয় শুনে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলালসহ ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ভূমিসেবা প্রান্তিক পর্যায়ে আরও সহজলভ্য ও জনগণের কাছে পৌঁছে দিতে পর্যায়ক্রমে শাহরাস্তি উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের পাশাপাশি গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় সেবাপ্রত্যাশীরা তাদের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর কাছে তুলে ধরার সুযোগ পাবেন।