শাহরাস্তির কৃতি সন্তান শহীদ লেফটেন্যান্ট আনোয়ার হোসেনের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী আজ
বিশেষ প্রতিনিধি:
শাহরাস্তির কৃতি সন্তান শহীদ লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন (বীর উত্তম)-এর ৫৫তম শাহাদাৎ বার্ষিকী আজ পালিত হচ্ছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ১ ইস্ট বেঙ্গল (সিনিয়র টাইগারস) রেজিমেন্টের এই কর্মকর্তা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ হন। তিনি মুক্তিযুদ্ধের প্রাক্কালে সংঘটিত প্রতিরোধে শহীদ প্রথম সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত।
জানা যায়, ১৯৪৭ সালের ৫ মে চাঁদপুর জেলার শাহরাস্তিতে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। ১৯৬৫ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট সম্পন্ন করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ১ ইস্ট বেঙ্গল (সিনিয়র টাইগারস) রেজিমেন্টে নিয়োজিত হন।
১৯৭১ সালে যশোর সেনানিবাসে অবস্থানকালে ৩০ মার্চ পাকিস্তানি বাহিনী অস্ত্রাগার দখলের চেষ্টা করলে বাঙালি সৈনিকরা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় লেফটেন্যান্ট আনোয়ার বিদ্রোহী সৈনিকদের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধে অংশ নেন।
প্রায় সাত ঘণ্টার লড়াইয়ের এক পর্যায়ে গোলাবারুদ সংকট দেখা দিলে বাঙালি সৈনিকরা পিছু হটে। এ সময় সম্মুখযুদ্ধে গুরুতর আহত হয়ে লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন। পরে তাঁর মরদেহ যশোরের চৌগাছা উপজেলার হয়বতপুর গ্রামে দাফন করা হয়।
স্বাধীনতার পর তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে। ঢাকা সেনানিবাসে প্রতিষ্ঠিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ তাঁর স্মৃতিকে বহন করছে।
উল্লেখ্য, ওই প্রতিরোধ যুদ্ধে ১ ইস্ট বেঙ্গল (সিনিয়র টাইগারস) রেজিমেন্টের প্রায় ৪০ জন বাঙালি সৈনিক শহীদ হন।