শাহরাস্তিতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও মতবিনিময়: ইউএনও নিগার সুলতানা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন
আক্তার হোসেন শিহাব:
শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে আজ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক আলোচনা ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লেখাপড়া, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, দেশপ্রেম, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে খোলামেলা মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, নৈতিকতা, সচেতনতা এবং আত্মমর্যাদাও গড়ে তুলতে হবে। সমাজের কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”
তিনি বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।
এরপর ইউএনও নিগার সুলতানা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নিজ হাতে স্কুল ব্যাগ তুলে দেন। শিক্ষার্থীরা তার কাছ থেকে উপহার পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত হয়।
বিদ্যালয়ের শিক্ষকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত ছিলেন। তারা এমন আয়োজনকে সময়োপযোগী এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেন।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে যাতে কিশোর-কিশোরীরা সমাজের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।