আচরণ বিধি লঙ্ঘন: চাঁদপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শোকজ
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ নুরুল্লাহ সিদ্দিকীর স্বাক্ষরে বৃহস্পতিবার বিকেলে এ নোটিশ জারি করা হয়।
নোটিশপ্রাপ্তরা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি।
কমিটি সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি নির্বাচনি এলাকা পরিদর্শনকালে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে উভয় প্রার্থীর প্রচারণায় রঙ্গিন পোস্টার, পেস্টুন ও প্রতীকসংবলিত প্রচার সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলে। নিয়ম অনুযায়ী রঙ্গিন পোস্টার ও প্লাস্টিকের পেস্টুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।
তথ্যমতে, বিএনপি প্রার্থী মমিনুল হক তার ছবি ও প্রতীকের প্রচারণামূলক রঙ্গিন প্লাস্টিক পেস্টুন গাছে লাগিয়েছেন বলে কমিটির নজরে আসে।
একইভাবে হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি দেয়ালে রঙ্গিন পোস্টার ব্যবহার করেছেন। এলাকায় আরও বেশ কিছু স্থানে তাদের অনুরূপ প্রচারণা সামগ্রী দেখা যায়।
এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে দুই প্রার্থীকে আগামী ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হাজীগঞ্জ সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তারা উপস্থিত না হলে একতরফাভাবে প্রতিবেদন পাঠানো হবে নির্বাচন কমিশনে।
এছাড়া শোকজ নোটিশ দ্রুত প্রেরণ এবং জারির প্রতিবেদন দিতে হাজীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছেজ