চাঁদপুরে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে থাকা নিষেধ—বাহিরে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা
আক্তার হোসেন শিহাব :
চাঁদপুর জেলা প্রশাসন থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, জেলার আওতাধীন সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সন্ধ্যার পর ঘরের বাইরে থাকতে পারবে না। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন অপরাধ থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সন্ধ্যার পর কিশোর-তরুণদের অনাকাঙ্ক্ষিত আড্ডা, অপ্রাপ্তবয়স্কদের অনিরাপদ চলাফেরা ও সামাজিক অসঙ্গতি বেড়ে যাওয়ায় অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সচেতন ভূমিকা নিশ্চিত করতে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সন্ধ্যার পর বাইরে পাওয়া গেলে যে কোনো ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে বিদ্যমান রাষ্ট্রীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং নিয়মিত নজরদারি পরিচালনা করবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করতে এবং অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে। অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে সন্তানদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর বাইরে অযথা ঘোরাঘুরি, আড্ডা বা অনিয়ন্ত্রিত চলাফেরা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে এবং কোনো অবস্থাতেই শিথিলতা দেখানো হবে না।