বাংলাদেশ পুলিশ বাহিনীতে শাহরাস্তির উজ্জ্বল সাফল্য, ১০৩ পুরস্কারপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) সোহাগ হোসেনের পদোন্নতি
চাঁদপুরের শাহরাস্তির খিলাবাজার এলাকার সন্তান এসআই (নিরস্ত্র) সোহাগ হোসেন তার দীর্ঘ কর্মজীবনে অসামান্য দক্ষতা, শৃঙ্খলা ও সততার পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে তিনি সম্প্রতি এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করছেন।
সোহাগ হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার প্রসন্নপুর জমাদ্দার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা আলী আকবরের আদর্শ ও স্থানীয় খিলাবাজার স্কুল এন্ড কলেজ এবং সূচীপাড়া ডিগ্রী কলেজের শিক্ষা তার ব্যক্তিত্ব ও কর্মসংস্কৃতিকে গড়ে তোলে। ২০০৭ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন।
২০০৭ থেকে শুরু করে গত ১৭ বছরে তার কর্মদক্ষতা বারবার স্বীকৃতি পেয়েছে। তিনি শান্তিরক্ষা মিশনে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার মালি প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করেন। বিপদ সংকুল এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও টহল কার্যক্রমে তার সতর্কতা, নেতৃত্ব এবং কার্যকর ভূমিকা প্রশংসিত হয় জাতিসংঘ ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।
তার কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রাপ্ত পুরস্কারের সংখ্যা। শৃঙ্খলা, পেশাদারিত্ব, অপরাধ দমন দক্ষতা ও সরকারি কাজে বিশেষ অবদানের জন্য তিনি এ পর্যন্ত ১০৩টি অফিসিয়াল পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ২০১৮ এবং ২০২৪ সালে দুইবার আইজিপি ব্যাজ প্রাপ্তি তার ক্যারিয়ারে বিশেষ গৌরব যুক্ত করেছে।
২০২৪ সালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধা তালিকায় উৎরে তিনি এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পান এবং স্পেশাল ব্রাঞ্চ, মালিবাগে যোগদান করেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সে পুনরায় দায়িত্বপ্রাপ্ত হন। তার পদোন্নতির ব্যাচ পরিয়ে দেন স্টাফ অফিসার টু আইজিপি এবং পিএস টু আইজিপি মহোদয়গণ।
শাহরাস্তির মানুষ ও স্থানীয় সমাজের কাছে সোহাগ হোসেন এখন গর্বের এক নাম। এলাকাবাসীর মতে, তার সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো এলাকার জন্য সম্মান ও অনুপ্রেরণা।
বাংলাদেশ পুলিশের একজন পেশাদার সদস্য হিসেবে এসআই (নিরস্ত্র) সোহাগ হোসেন ভবিষ্যতেও তার দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে দেশের নিরাপত্তা ও সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।