মেহের রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত
আব্দুর রহমান সাদিপ:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম মান্নান হোসেন পাঠান। তিনি কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস মেহের স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন ছাড়ার পরপরই লাইনের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই কাটা পড়ে মান্নান মারা যান। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর শাহরাস্তি থানা পুলিশ অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে মর্গে পাঠায়। শনিবার সকালে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, মান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, “রাতেই সুরতহাল শেষে মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”