শাহরাস্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন, বই পেয়ে আনন্দিত পরিবার

আর্থিক সংকটে থমকে যেতে বসেছিল একটি সম্ভাবনাময় স্বপ্ন। অর্থের অভাবে পড়াশোনা বন্ধের উপক্রম হওয়া শাহরাস্তি উপজেলার এক অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, তীব্র আর্থিক সংকটে পড়ালেখা চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ায় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের শরণাপন্ন হন ওই শিক্ষার্থী। তিনি তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
শিক্ষার্থীর আকুতি মনোযোগ দিয়ে শোনেন ইউএনও মনিরা খাতুন। পরিবারের আর্থিক অসচ্ছলতার সার্বিক বাস্তবতা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গাইড বইয়ের ব্যবস্থা করেন তিনি। পরে উপজেলা নির্বাহী অফিসার নিজেই শিক্ষার্থীটির হাতে এসব বই তুলে দেন।
বই হস্তান্তরকালে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়ালেখা করার পরামর্শ দিয়ে বলেন, “অর্থের অভাব কখনো মেধা বিকাশের বাধা হতে পারে না।” ভবিষ্যতে আর্থিক কারণে পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত ঘটলে বিষয়টি সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে নির্দেশ দেন তিনি। একই সাথে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, এ ধরনের সামাজিক ও প্রশাসনিক সহায়তা কেবল একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনই রক্ষা করবে না, বরং সমাজের অন্যান্য মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এগিয়ে যেতে প্রবল অনুপ্রেরণা জোগাবে।