শাহরাস্তিতে পুনঃগঠিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
আক্তার হোসেন শিহাব :
চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসকের নির্দেশে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের দুই পাশের অবৈধভাবে পুনঃনির্মিত স্থাপনার বিরুদ্ধে আজ মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নিগার সুলতানা। এ সময় উপস্থিত থেকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি), এবং চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, কয়েক মাস আগে একই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পুনরায় কিছু অসাধু ব্যক্তি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। ফলে জনদুর্ভোগ ও নিরাপদ সড়ক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এসব বিবেচনায় প্রশাসন পুনরায় উচ্ছেদ অভিযানে নামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “সরকারি জমি দখল করে কেউ স্থাপনা গড়ে তুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক ও জনপথ নিরাপদ ও জনগণের সুবিধার্থে উন্মুক্ত রাখতে প্রশাসন বদ্ধপরিকর।”
এ সময় উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।