শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক নির্মূল ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে এবং শাহরাস্তি মডেল থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে কালীবাড়ী মন্দির পর্যন্ত প্রদক্ষিণ করে।
র্যালীতে কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৪০০ থেকে ৪৫০ জন এতে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।