শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক সেবনের দায়ে চান্দাল এলাকার ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মো. কবির হোসেন (৪৩)-কে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফয়েজুল ইসলাম রিপনকে ৬ মাসের কারাদণ্ড এবং মো. কবির হোসেনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।