শাহরাস্তির ভোলদিঘীতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। তিনি মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানেরছেলে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোলদিঘী বাজার থেকে দেবকরাগামী সড়কের বাবুলের ফলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মো. সাব্বির হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দারুনকরা (হাজী বাড়ি) এলাকার মিজানুর রহমানের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩৯, তারিখ-৩০ আগস্ট ২০২৬; জিআর নম্বর-২৮২, তারিখ-৩০ আগস্ট ২০২৬।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।