শাহরাস্তির যুবদল নেতা আতাহার আহমেদ তানভীর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচিত মো. আতাহার আহমেদ তানভীরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
১৩ মে ২০২৫ তারিখে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সহ-দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আতাহার আহমেদ তানভীরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আতাহার আহমেদ তানভীর এক সময় শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি একজন “ক্লিন ইমেজের ছাত্রদল নেতা” হিসেবে পরিচিত ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে রাজনীতি করতেন। উল্লেখ্য, আনোয়ার হোসেন খোকন বর্তমানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন।
আতাহার আহমেদ তানভীরের বহিষ্কারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে সংগঠনের শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবে দেখলেও, কেউ কেউ একে অভ্যন্তরীণ মতবিরোধের প্রতিফলন বলেও মন্তব্য করছেন।
দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।